
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকায় দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর স্থায়ী সমাধানের দাবিতে গতকাল সোমবার কুলাউড়া পৌর শহরে মানববন্ধন হয়েছে।
হাওর বাঁচাও-কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুলাউড়া উপজেলা কমিটি ওই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টার দিকে পৌর শহরের রেলস্টেশন চৌমোহনা চত্বরে মানববন্ধন শুরু হয়।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মার্চের শেষ দিকে ওই তিন উপজেলায় বন্যা দেখা দেয়। এ কারণে হাওরের সব বোরো ফসল পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে। হাওরপারের বেশির ভাগ এলাকা থেকে এখনো পানি নামেনি। এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। ২০১০ সালেও একইভাবে হাওর এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তখন সিলেটের ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকিয়ারির বাঁধ ও ইটভাটা অপসারণ এবং জুড়ী ও ফানাই নদী পুনঃখননের দাবিতে আন্দোলন কর্মসূচি পালিত হয়। কিন্তু সাত বছরেও এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি। এবারও ফসল ও মানুষের বড় ক্ষতি হয়ে গেল। এ অবস্থায় হাওরের বোরো ফসল রক্ষা ও হাওরপারের মানুষের দুর্ভোগ নিরসনে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ রিয়াজ, জাসদের কুলাউড়া উপজেলা সভাপতি মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল গাফফার, কৃষক লীগের উপজেলা আহ্বায়ক আবদুল কাদির, উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান, হাওর বাঁচাও-কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলাউদ্দিন মিয়া, জুড়ী উপজেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন সভাপতি মানিক মিয়া প্রমুখ।
বক্তারা আরও বলেন, হাকালুকির পানি জুড়ী নদী হয়ে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে গিয়ে নিষ্কাশিত হয়। ২০০৪ সালে ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকিয়ারি বিলের কাছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অপরিকল্পিতভাবে একটি বাঁধ নির্মাণ করে। সেখানে মূল জুড়ী নদীর মোহনায় দুটি ইটভাটা রয়েছে। নদীতে এসব ভাটার খোয়া ফেলে রাখা হয়। এর ফলে পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। এ ছাড়া হাওরের সঙ্গে যুক্ত জুড়ী ও ফানাই নদ পলিতে ভরাট হয়ে গেছে। এসব নদী পুনঃখননেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এসব কারণে হাওর এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোপা আমন ধানের মৌসুম শুরু হয়ে গেছে। অথচ জমি থেকে পানি না নামায় কৃষকেরা বীজতলা তৈরি করতে পারছেন না।
এসব বিষয়ে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হাকালুকি হাওর এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন উপসচিবও সম্প্রতি সরেজমিনে দেখে গেছেন। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।