স্থায়ী হলো ৯৯৯ শ্রমিক
আন্দোলন ও দাবির মুখে অবশেষে অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। নতুন বছরের প্রথম দিন আজ বুধবার থেকে তাঁদের স্থায়ীকরণের বিষয়টি কার্যকর হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, প্রায় এক হাজার অস্থায়ী শ্রমিককে এবার স্থায়ী করা হয়েছে। তাঁরা বুধবার থেকে স্থায়ী শ্রমিক হিসেবে কাজ শুরু করবেন।
করপোরেশন সূত্রে জানা গেছে, ১৯৮৯-৯০ সালের পর শ্রমিক-কর্মচারীদের স্থায়ী করা হয়নি। অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে ২০০৮ সালে আন্দোলন শুরু করে করপোরেশনের তিন শ্রমিক সংগঠন। তাদের দাবির মুখে গত বছরের ৩ সেপ্টেম্বর শ্রমিক-কর্মচারীদের স্থায়ী করার আশ্বাস দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।
৫ সেপ্টেম্বর ২২টি শাখায় ৯৯৯টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দেয় করপোরেশন। এর বিপরীতে পাঁচ হাজার ৯৩১ জন আবেদন করেন। এর মধ্যে অস্থায়ীভাবে কর্মরত শ্রমিক ছিলেন দুই হাজার ৮৭০ জন। যাচাই-বাছাই শেষে ডিসেম্বরে তাঁদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৯ ডিসেম্বর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবশেষে আমাদের দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এখন তৃতীয় শ্রেণী পদে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার দাবি জানাচ্ছি। স্থায়ীকরণ করা হলে প্রশাসনে চেইন অব কমান্ড বজায় থাকবে।’
জানা গেছে, করপোরেশনের ২২টি শাখার মধ্যে সেবক পদে সবচেয়ে বেশি ৬০৫ জনকে স্থায়ী করা হয়েছে। প্রকৌশল বিভাগের শ্রমিক পদে ৭২ জন, প্রহরী পদে ৯৬ জন ও এমএলএসএস পদে ৬৫ জনকে স্থায়ী করা হয়েছে। এ ছাড়া ট্রাক হেলপার পদে ১৭ জন, বৈদ্যুতিক মিস্ত্রি ও হেলপার পদে ২২ জন, আয়া পদে ১৫ জনকে স্থায়ী করা হয়েছে।