স্থায়ীভাবে কোচিং-প্রাইভেট বন্ধের উদ্যোগ থেমে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে স্থায়ীভাবে কোচিং, প্রাইভেট ও সব ধরনের নোট-গাইড, অনুশীলন বা সহায়ক বই নিষিদ্ধের উদ্যোগ মাসের পর মাস ধরে আলোচনা আর যাচাই-বাছাইয়ের মধ্যেই আটকে আছে। ফলে শিক্ষার জন্য ‘বিষফোড়া’ হিসেবে পরিচিত এসব বিষয় চলছেই। 

অস্থায়ীভাবে এখন শুধু এইচএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টারগুলোর কার্যক্রম বন্ধ থাকলেও নানা কৌশলে শিক্ষকদের কোচিং-প্রাইভেট ও নোট-গাইড, অনুশীলন বই দেদার চলছে। এর আগে এসএসসি পরীক্ষার সময়ও অস্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছিল। শিক্ষাবিদেরা এসব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের জন্য দ্রুত সমন্বিত শিক্ষা আইন করার তাগিদ দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, কোচিং, প্রাইভেট ও সব ধরনের নোট-গাইড, অনুশীলন বা সহায়ক বই নিষিদ্ধ করে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত করে গত বছরের সেপ্টেম্বরেই মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়েছিল। কিন্তু এসব বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা বিভাগও জড়িত। তাই এ বিষয়ে কর্তৃপক্ষ বলতে কী বোঝাবে, সেটাসহ আরও কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল ওই কমিটি। তা ছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনেরও প্রয়োজন আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এসব বিষয় ব্যাখ্যা করে কয়েক দিন আগে মন্ত্রিপরিষদ বিভাগের ওই কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন গত বুধবার প্রথম আলোকে বলেন, আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁরা আশা করছেন, খুব শিগগির এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং দ্রুত সংসদে উঠবে।
মন্ত্রণালয়ের সূত্রমতে, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে ৮ এপ্রিল। তবে এই অধিবেশন খুব কম দিনের জন্য হবে। তাই সব প্রক্রিয়া শেষ করে এই অধিবেশনে আইনের খসড়াটি উপস্থাপনের সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, কোচিং সেন্টার এবং নোট-গাইড ও অনুশীলন বইয়ের ব্যবসায়ীদের একটি অংশ এই আইন ঠেকানোর জন্য তৎপরতা শুরু করেছেন। আইনটি দেরি হওয়ার জন্য এই তৎপরতাও কাজ করছে। সরকারের শেষ সময়ে এটি করা হয় কি না, তা নিয়ে কিছুটা সন্দিহান তিনি।
অভিভাবকসহ শিক্ষাবিদদের অনেকেই কোচিং-বাণিজ্য ও প্রাইভেট টিউশনি বন্ধের দাবি জানিয়ে আসছেন। কারণ, এগুলোর ফলে প্রাথমিক বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত শ্রেণিকক্ষের লেখাপড়া মারাত্মক হুমকির মুখে পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা শ্রেণিকক্ষের বিকল্প হিসেবে গড়ে উঠেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বিভিন্ন সময়ে কোচিং-প্রাইভেট ও নোট-গাইডের বিপক্ষে বলে আসছেন। তাঁর ভাষায় কোচিংয়ের ব্যবসা হাজার হাজার কোটি টাকার।
শিক্ষা আইনের মাধ্যমে এগুলো নিষিদ্ধের কথাই শুধু বলা হচ্ছে। ২০১০ সালে জাতীয় শিক্ষানীতি হওয়ার পরের বছর ২০১১ সালের জানুয়ারিতে এই আইনের খসড়া প্রণয়ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। এরপর এ নিয়ে কেবল আলোচনাই হচ্ছে। এই আইন না হওয়ায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নেও বাধ্যবাধকতা নেই। নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৬ সালের ডিসেম্বরে একটি ‘দুর্বল’ খসড়া করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তখন এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ, তাতে সহায়ক বা অনুশীলন বই প্রকাশেরও সুযোগ রাখা হয়েছিল। এমনকি ‘ছায়া’ হিসেবে কৌশলে কোচিং ও প্রাইভেট টিউশনের বৈধতা দেওয়ার কথা বলা ছিল। পরে প্রতিক্রিয়ার মুখে খসড়াটি ফেরত এনে প্রায় ১০ মাস পর্যালোচনা করে গত বছরের সেপ্টেম্বরে খসড়াটি চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়। চূড়ান্ত খসড়ায় কোচিং, প্রাইভেট ও সব ধরনের নোট-গাইড, অনুশীলন বা সহায়ক বই নিষিদ্ধ করা হয়। এসব অপরাধে কেউ জড়িত হলে জেল-জরিমানা বা চাকরিচ্যুত করার বিধান রাখা হয়। কিন্তু আইনের খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভার বৈঠকে ওঠার কাজটি চলছে একেবারে ধীরগতিতে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চোধূরী প্রথম আলোকে বলেন, কোচিং, প্রাইভেট, নোট-গাইড, অনুশীলন বই বন্ধ করা, শিক্ষানীতি বাস্তবায়নসহ শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য দ্রুত শিক্ষা আইনটি করতে হবে। একই সঙ্গে তা বাস্তবায়নেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।