রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে চার আইনজীবী রিট আবেদন করেছেন। গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। আজ সোমবার আবেদনের ওপর শুনানি হতে পারে।
রিটে প্রকল্পটির আশপাশের পরিবেশ ও জনজীবনে এর পরিবেশগত প্রভাব মূল্যায়নে দেশীয় ও আন্তর্জাতিক পরিবেশবিদ ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞ সমন্বয়ে একটি কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। কমিটির সুপারিশ অনুসারে পরিবেশবান্ধব যেকোনো এলাকায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। আর বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আরজি জানানো হয়।
আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট করা হয়েছে। সুন্দরবনের কাছে ওই বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও বনের ক্ষতি হবে বলা হচ্ছে। পরিবেশের ক্ষতি হবে না, এমন কথাও বলা হচ্ছে।
রিট আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিবেশসচিব, পরিকল্পনাসচিব, জ্বালানি ও বিদ্যুৎসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, মো. একলাস উদ্দিন ভূঁইয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলী আবেদনকারী হয়ে রিটটি করেন।