স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে কমিটি গঠন করে বধ্যভূমির সীমানা নির্ধারণের কথাও বলা হয়েছে।সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সময় পাহাড়তলীতে শত শত মানুষকে গণকবর দেওয়া হয়। ১৯৯৯ সালে ওই বধ্যভূমির স্মৃতি রক্ষার্থে তৎকালীন সরকার জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়। এরপর জোট সরকারের আমলে এ প্রকল্পটি বাতিল ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসীর মামুন, মিলি রহমানসহ কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট নিষ্পত্তি করে রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, সরকার চাইলে জমিটি অধিগ্রহণ করতে পারে। আর এই রায়ের বিরুদ্ধে আপিল অনুমতি চেয়ে (নিয়মিত লিভ টু আপিল) করে রিট আবেদনকারী পক্ষ। গতকাল এর ওপর শুনানি হয়।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও বিবাদী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম মামলা পরিচালনা করেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আদালত কমিটি গঠন করে বধ্যভূমির সীমানা নির্ধারণ করতে নির্দেশ দিয়েছেন। আবেদনকারী ও বাদীপক্ষ থেকে একজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে।