স্থিতিশীল অর্থনীতি অস্থিতিশীল করে দিতে পারে দুর্নীতি: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, একটি দেশের স্থিতিশীল অর্থনীতিকে অস্থিতিশীল করে দিতে পারে দুর্নীতি। আবার সচল অর্থনীতির চাকা কেবল দুর্নীতির কারণেই অচল হয়ে যায়। তাই অর্থনীতিকে সচল রাখতে হলে এখনই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আজ সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান আরও বলেন, দুর্নীতির কারণেই স্বাধীনতার ৪৩ বছর পরও বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়নি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশ ছাত্র সংগঠন এখন নৈতিক আদর্শের বাইরে। তাই ছাত্র ও যুবসমাজ এখন দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করতে পারলে ভবিষ্যত্ দুর্নীতিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব বের হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে দুদকের সচিব মো ফয়জুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে বর্তমানে ১৬ কোটি মানুষ রয়েছে। এর মধ্যে মাত্র এক হাজার ৭৩ জন দুর্নীতি প্রতিরোধে কাজ করেন। তাই এদের ওপর নির্ভর না করে সবাই নিজ উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হলে দুর্নীতি প্রতিরোধ প্রায় অসম্ভব কাজ।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ-বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন গাইবান্ধা জেলা ও রানার্সআপ কিশোরগঞ্জ জেলা দল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা জেলা ও রানার্সআপ বাগেরহাট জেলা দলকে পুরস্কার তুলে দেন দুদকের চেয়ারম্যান। এ ছাড়া শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন গাইবান্ধা জেলা দলের সানজানা ফারিয়া হাসান ও ঢাকা জেলা দলের মো কামরুল হাসান।
অনুষ্ঠানে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।