স্থিতিশীলতা আনতে জামায়াতে ইসলামীকে বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশিষ্টজনেরা বলেছেন জামায়াতকে বর্জনের ব্যাপারে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে।
‘জঙ্গিবাদ ও সহিংস রাজনীতি, শ্রমজীবী ও সাধারণ মানুষসহ আর্থসামাজিক বিভিন্ন খাতের ওপর অভিঘাত’ শীর্ষক ওই আলোচনা সভায় আজ সরকারের দুই মন্ত্রীসহ ২৯ জন বক্তব্য রাখেন। আলোচনা সভায় অনেকেই বলেছেন, আওয়ামী লীগ সরকার গত পাঁচ বছরে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়ন করলেও কেন জনগণ ওই সরকারের ওপর এত বিরক্ত তা খতিয়ে দেখার আহ্বান জানান। মন্ত্রিসভায় যেন দুর্নীতিবাজেরা কোনোভাবেই জায়গা না পান সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তাঁরা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে একমত হলেই পার পাওয়া যাবে বিষয়টি এমন নয়। আপনি সমঝোতা করুন। চমত্কার গণতান্ত্রিক সরকার পাবেন, কিন্তু শহীদ মিনার ভাঙার মতো ঘটনা ঘটবে।’ তিনি আরও বলেছেন, সমঝোতার লক্ষ্য নিয়ে আলোচনায় বসতে হলে যুদ্ধাপরাধীদের বর্জন করতে হবে এবং জঙ্গিবাদকে লালন করা যাবে না।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি বন্ধু ও সুশীল সমাজ সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছেন। আজ যে যে অবস্থান নিয়েছেন, ’৭১ সালেও তাদের অবস্থান একই রকম ছিল। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি নেতৃত্বাধীন পাঁচ দল ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাত দল মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে বিএনপি জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ’৭২ সালের সংবিধান জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি বলে মন্তব্য করেছেন। অথচ ওই সংবিধান ছিল মুক্তিযুদ্ধের ফসল।
কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, মানবাধিকারের সঙ্গে সহিংসতার সহাবস্থান হতে পারে না। ’৭১ সালে স্বল্পতম সময়ের মধ্যে দেশের মানুষ সবচেয়ে কঠিন ঐক্যে পৌঁছেছিল। তখনো দুষ্কৃতকারীরা ছিল। স্বাধীনতার পর খন্দকার মোশতাক ছাড়া মুক্তিযুদ্ধকালীন সরকারের মন্ত্রীদের দুষ্কৃতকারীরা খুন করেছে। অর্থাত্ তারা মুক্তিযুদ্ধকেই খুন করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চেয়েছে, জামায়াত সহিংসতা করেছে। নির্বাচন করে এ সমস্যার সমাধান করা যাবে না। একটা সামাজিক চুক্তি করতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। যারা চুক্তির শর্ত মানবে তারা রাজনীতি করতে পারবে, যারা শর্ত মানবে না তারা রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, যারা সাম্প্রতিক সময়ে সহিংসতা করেছে তাদেরও বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে।
জনতা ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধে মৌলবাদী শক্তির আর্থিক ভিত ধ্বংস করতে হবে। ২০০৭ সালে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পড়েছিল ইসলামী ব্যাংকের ২২টি চেকের মাধ্যমে জঙ্গিবাদী সংগঠনগুলোকে টাকা দেওয়া হয়েছিল। সরকার ‘থার্ড পার্টি অডিটের’ মাধ্যমে বিষয়গুলো খতিয়ে দেখতে পারে। জঙ্গিবাদীদের অর্থায়নের অভিযোগ পাওয়া গেলে সরকার আর্থিক প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে পারে, পর্ষদ পরিবর্তন করতে পারে।
কৃষক শ্রমিক অধিকার মঞ্চের সভাপতি ও পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, থাইল্যান্ডেও সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। সেখানে সহিংসতা নেই, গাড়ি ভাঙচুর নেই, পর্যটকদের ওপর হামলা নেই। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদেরা নির্বাচনমুখী রাজনীতি করেন, তাঁদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে।
সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে সাংবাদিক আবেদ খান বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগের সময় বাংলাদেশে অমুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৩৬-৪০ শতাংশ। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ শতাংশে। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে এ মুহূর্তে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেছেন কোথাও কোথাও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জামায়াতের নেতাদের চমত্কার যোগসূত্র খুঁজে পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক এম এম আকাশ বলেছেন, যতক্ষণ না ‘ক্রাইম’কে (অপরাধ) ‘পলিটিক্স’ (রাজনীতি) থেকে আলাদা করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জটিলতা থাকবেই। একজন ওসি জামায়াতের নেতার কাছ থেকে জমি নিয়েছেন বলে খবর বেরিয়েছে। যশোরে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। কঠোরভাবে অপরাধ দমন করতে না পারলে সমাধান হবে না।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক শেখ একরামুল কবির বলেন, ১৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি পুড়িয়ে ফেলে, ৫৩১টি প্রতিষ্ঠানের ক্ষতি করে, ছাত্রছাত্রীদের ক্লাস বন্ধ করে যে ক্ষতি হয়েছে তার পুষিয়ে উঠতে ৫০ বছর লাগবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, নবনির্বাচিত সাংসদ শিরিন আখতারসহ রমনীমোহন দেবনাথ, সুবল সরকার, শফিকুজ্জামান, নিলুফার ইয়াসমিন, জিনাত হুদা, ওহিদুজ্জামান চান প্রমুখ।