স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়। দেশে কিডনি রোগের প্রকোপ আগে থেকেই বেশি। সম্প্রতি স্থূলতার প্রকোপও বাড়ছে। এসবের প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কিডনি রোগ বিষয়ে এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ কথা বলেন। বেসরকারি সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। কিডনি দিবস উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। ৯ মার্চ বিশ্ব কিডনি দিবস।

অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ বলেছেন, মৃত ব্যক্তির কিডনি নিয়ে তা প্রতিস্থাপনের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। কোনো অবস্থাতেই সম্পর্কবহির্ভূত সুস্থ ব্যক্তির কিডনি নিয়ে তা প্রতিস্থাপনকে উৎসাহিত বা অনুমোদন করা যাবে না। সম্পর্কবহির্ভূত কিডনি প্রতিস্থাপন শুরু হলে অঙ্গপ্রত্যঙ্গ–বাণিজ্য উৎসাহ পাবে। একবার শুরু হলে তা মোকাবিলা করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাম্পসের সাধারণ সম্পাদক শাহীন রেজা নূর। মূল উপস্থাপনায় ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ বলেন, দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ স্থূলকায়। স্থূলতার সঙ্গে কিডনি রোগের সম্পর্ক সরাসরি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক রণজিৎ রঞ্জন রায়, পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্য দেন।