কলেজটি স্থাপিত হয়েছিল ১৯৮৫ সালে। তিন বছর পর ১৯৮৮ সালে সরকারীকরণ করা হয়। এরপর দাবি ওঠে এখানে স্নাতক (সম্মান) ও ডিগ্রি কোর্স চালু করার। কিন্তু ২৮ বছরেও এ দাবি পূরণ হয়নি। স্নাতক এমনকি ডিগ্রিতে পড়ার সুযোগ না থাকা ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম জকিগঞ্জ সরকারি কলেজ। এটি সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবস্থিত।
শুধু এই কলেজই নয়, জকিগঞ্জ উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ডিগ্রি কোর্স চালু নেই। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার থেকে স্নাতক ও ডিগ্রি কোর্স চালুর দাবি আদায়ে গঠিত ‘জকিগঞ্জ সরকারি কলেজছাত্র ঐক্য পরিষদ’ গণস্বাক্ষর সংগ্রহে নামছে। ছাত্র ঐক্য পরিষদের সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান পাটোয়ারী গত মঙ্গলবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টানা কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণস্বাক্ষর সংগ্রহ এক সপ্তাহ অব্যাহত রেখে ৭ ফেব্রুয়ারি অভিভাবকদের নিয়ে মানববন্ধন করা হবে।
গত মঙ্গলবার রাতে ঐক্য পরিষদের নেতারা প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে তাঁদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের জানান। এ সময় তাঁরা বলেন, গণস্বাক্ষর ও মানববন্ধনের পর দাবি পূরণে কোনো আশ্বাস না পেলে ১৫ ফেব্রুয়ারি থেকে তাঁরা কলেজের ৭৫০ জন শিক্ষার্থীকে নিয়ে ‘আমরণ অনশন’ শুরু করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জকিগঞ্জ সিলেট জেলার একটি প্রত্যন্ত উপজেলা। জেলা সদর থেকে ৯০ কিলোমিটার দূরের এ উপজেলার একটিমাত্র সরকারি কলেজ এটি। জকিগঞ্জে ২৪টি উচ্চবিদ্যালয়, ২৩টি দাখিল মাদ্রাসা আছে। এসএসসি ও দাখিল পরীক্ষায় পাস করার পর এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জকিগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে। কিন্তু এইচএসসি পরীক্ষা পাস করার পর তাঁদের আর এ উপজেলায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নেই। কারণ, ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) কোর্স আছে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জকিগঞ্জে নেই।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মল্লিকা দেব বলেন, বর্তমান শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়গুলোয় উচ্চমাধ্যমিক শাখা চালুর কথা রয়েছে। সে অনুযায়ী জকিগঞ্জ সরকারি কলেজে ডিগ্রিসহ অনার্স চালু করা একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া জকিগঞ্জ জেলা সদর থেকে দূরের একটি উপজেলা হওয়ায় মূলত যাতায়াত সমস্যার কারণে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পারছে না।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেট অঞ্চলের পরিচালক মো. হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, কলেজে স্নাতক ও ডিগ্রি কোর্স চালুর বিষয়টি সরাসরি শিক্ষা মন্ত্রণালয় তদারক করে। জকিগঞ্জ সরকারি কলেজে ওই দুটি কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।