সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) ও ডিগ্রি কোর্স চালুর দাবিতে সংগৃহীত গণস্বাক্ষর-সংবলিত স্মারকলিপি স্থানীয় সাংসদের কাছে পেশ করেছে আন্দোলনকারীরা। গত রোববার রাতে সিলেটে সাংসদের বাসায় গিয়ে তারা এটি পেশ করে। স্মারকলিপি গ্রহণ করে সাংসদ ওই দাবি পূরণে চেষ্টা চালাবেন বলে আন্দোলনকারীদের কথা দেন।
‘জকিগঞ্জ সরকারি কলেজছাত্র ঐক্য পরিষদ’ ওই স্মারকলিপিতে পাঁচ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে। রোববার স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদে জাতীয় পার্টির হুইপ সেলিম উদ্দিনের কাছে সেটি হস্তান্তরের সময় ঐক্য পরিষদের সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা জামান পাটোয়ারীসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জকিগঞ্জে ২৪টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক মাদ্রাসা, তিনটি আলিয়া মাদ্রাসা ও পাঁচটি কলেজ রয়েছে। এর মধ্যে জকিগঞ্জ সরকারি কলেজসহ কোনো কলেজে স্নাতক (সম্মান) কোর্স না থাকায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার শিক্ষার্থীরা। ২০১৩ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জকিগঞ্জে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জকিগঞ্জ সরকারি কলেজে স্নাতক কোর্স চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও ওই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
১৯৮৫ সালে স্থাপিত জকিগঞ্জ সরকারি কলেজটি ১৯৮৮ সালে সরকারি হয়। তখন থেকেই দাবি ওঠে এখানে স্নাতক ও ডিগ্রি কোর্স চালুর। কিন্তু ২৮ বছরেও এ দাবি পূরণ হয়নি। ফলে ২ ফেব্রুয়ারি থেকে স্মারকলিপিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করে ছাত্র ঐক্য পরিষদ।
স্মারকলিপিটি গ্রহণ করে সাংসদ সেলিম উদ্দিন বলেন, তিনি এ ব্যাপারে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন। সংসদের আগামী অধিবেশনে তিনি আবারও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
মানববন্ধন আজ
এদিকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ জকিগঞ্জ সদরে সর্বস্তরের জনতার অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি রয়েছে। দাবির বিষয়ে আশ্বাস না পেলে ১৫ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে নামার ঘোষণা দিয়েছে ছাত্র ঐক্য পরিষদ।