স্নাতক পাস করলেও কাজ জুটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মশিউর আজম
মশিউর আজম

মশিউর আজম (২৫) শৈশব থেকে শারীরিক প্রতিবন্ধী। মায়ের কোলে চড়ে, হামাগুড়ি দিয়ে স্কুল-কলেজে গিয়ে পড়ালেখা করেছেন। এভাবে স্নাতক উত্তীর্ণ হয়েছেন। কয়েকটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকরি জুটছে না। মশিউরের ভাষ্য, প্রতিবন্ধী ও গরিব হওয়ায় তাঁর কর্মসংস্থান হচ্ছে না।
মশিউরের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি মেজো। ২০০৫ সালে বাবা মারা যাওয়ায় পর তাঁর সংগ্রামী জীবন শুরু হয়। বাড়িতে কয়েকজনকে পড়িয়ে তিনি পড়ালেখার আংশিক খরচ জোগাতেন। এখন কোনো রকমে জীবিকা নির্বাহ হয় বড় ভাইয়ের উপার্জন দিয়ে।
মশিউরের মা খাদিজাতুল কোবরা বেসরকারি সংস্থার (এনজিও) চাকরি থেকে ২০০৯ সাল পর্যন্ত মাসে ৫০০ থেকে ৬০০ টাকা পেতেন। এখন তাঁর কোনো কাজ নেই। খাদিজাতুল কোবরা বলেন, মাত্র আড়াই বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হন মশিউর। এরপর তাঁর দুটি পা চিকন হয়ে যায়। কিন্তু পড়ালেখার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। এসএসসি পরীক্ষার সময় মশিউর অসুস্থ হয়ে পড়েন। তবু তিনি হাবাসপুর কেরাজ উচ্চবিদ্যালয় থেকে জিপিএ ২ দশমিক ৪৪ পেয়ে উত্তীর্ণ হন। ২০১০ সালে ড. কাজী মোতাহার হোসেন কলেজ থেকে ব্যবসায় শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ দশমিক ১৫ পান। পরে পাংশা কলেজ থেকে স্নাতক (পাস) পাস করেন দ্বিতীয় বিভাগে।
মশিউর বলেন, সরকারি-বেসরকারি কয়েকটি চাকরির জন্য তিনি আবেদন করেছেন। খাদ্য অধিদপ্তর ও ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। কিন্তু মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান। তিনি আক্ষেপ করে বলেন, একে তো তিনি প্রতিবন্ধী, তার ওপর টাকা নেই; টাকা থাকলে চাকরি ঠিকই মিলত।
ড. কাজী মোতাহার হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু বলেন, ‘মশিউর শারীরিক প্রতিবন্ধী হলেও তাঁর মানসিক শক্তি অনেক। পড়ালেখার প্রতি তার অনেক আগ্রহ ছিল। নিয়মিত তিনি ক্লাসে উপস্থিত থাকত। আমরা সাধ্যমতো তাকে সহায়তা করার চেষ্টা করেছি।’