স্নাতক (পাস) কোর্সেও অনলাইনে ভর্তির উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দুই দিনব্যাপী কর্মশালা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। এতে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় এক হাজার ৭০০ কলেজের শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।
সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অনলাইনের মাধ্যমে ভর্তির এই ব্যবস্থা সময়োপযোগী। এটি যাতে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে আমি সারা দেশ থেকে আগত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সহযোগিতা চাচ্ছি।’
বক্তব্য দেন সহ-উপাচার্য (একাডেমিক) মুনাজ আহমেদ নূর, সহ-উপাচার্য (প্রশাসন) আসলাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ। স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন মোবাশ্বেরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তা ও কলেজের শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।