রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফরম বিতরণ আগামী ১ অক্টোবর শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপকমিটির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন ওই সভায় সভাপতিত্ব করেন। আবেদনসহ ভর্তি-প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন বলেন, ভর্তি-প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেওয়া হচ্ছে না।