স্নাতক প্রথম বর্ষের ফল প্রকাশের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ৭০০ পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানোর প্রতিবাদে ও ফল ঘোষণার দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন।গতকাল মঙ্গলবার সকালে কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। আজ বুধবারের মধ্যে ফল প্রকাশ না করলে একই কর্মসূচি পালন করবেন বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, এর আগে কলেজ কর্তৃপক্ষ গতকাল ফল ঘোষণা হতে পারে বলে শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিল। ফল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে কলেজের অধ্যক্ষ এম এ হাই শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।কলেজ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা হয়। ওই দিন ইংরেজি বিভাগের ৫০ জন, গণিত বিভাগের ৯৫ জন, ইসলামের ইতিহাস বিভাগের ১২০ জন, হিসাববিজ্ঞান বিভাগের ১৯৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১৩৫ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুজন ও বাংলা বিভাগের ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ২২ মে পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানে এই পরীক্ষার্থীদের কাউকে ‘সি প্রমোটেড’ (শর্তসাপেক্ষে পাস), আবার কাউকে প্রমোটেড (পাস) দেখানো হয়। এরপর শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ২৮ মে পুনরায় ফল প্রকাশ করা হয়। তাতে সবাইকে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে।কেন্দ্র প্রধান ও শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ কাজী মো. আখতারুজ্জামান বলেন, প্রথম দিনের পরীক্ষার ওএমআর শিট বিশ্ববিদ্যালয়ে না পৌঁছানোর কারণে এ ঘটনা ঘটেছে।