স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তিতে বাধা দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তিতে গতকাল বুধবার বাধা দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ। অভিযোগ রয়েছে, নিজেদের পছন্দের শিক্ষার্থী ভর্তি করাতে না পেরে ছাত্রলীগ এ কাজ করে। তবে ছাত্রলীগের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষের অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে তারা ভর্তিতে বাধা দেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের রাজার হাতা এলাকায় অবস্থিত সিটি কলেজে ১৩ মার্চ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়। এই কলেজে এবার ৫০০ শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করা হয়েছে। যেসব শিক্ষার্থী রাজশাহী কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিয়ে মেধাতালিকায় স্থান পেয়েছেন, কিন্তু আসন সীমিত থাকায় সেখানে ভর্তির সুযোগ পাননি, তাঁদের ছাড়পত্র (রিলিজ স্লিপ) দিয়ে রাজশাহী সিটি কলেজে পাঠানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ছিল ভর্তির শেষ দিন। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করার কথা ছিল। কর্তৃপক্ষের অভিযোগ, দুইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের প্রধান ফটকের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আটকে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, ছাত্রলীগের বাধার মুখে কয়েক ঘণ্টা সময় ধরে ভর্তির প্রক্রিয়া বন্ধ থাকে। পরে পুলিশের সহায়তা সন্ধ্যার পর থেকে আবারও ভর্তির কাজ শুরু হয়। ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় তাঁদের ভর্তি করা সম্ভব হয়নি। তবে পরে বিশেষ ব্যবস্থায় তাঁদের ভর্তি করা হবে।