চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য উচ্চমাধ্যমিকে গণিত, রসায়ন, পর্দাথবিজ্ঞান ও ইংরেজি বিষয়ের প্রতিটিতে ৩.৫ গ্রেড পয়েন্টসহ এই চার বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ন্যূনতম ১৭.৫ থাকতে হবে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন শুধু টেলিটক মুঠোফোন অপারেটর থেকে খুদে বার্তার মাধ্যমে করা যাবে। তবে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান এবং জিসিই এ-লেভেল পাস করা শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। আগামী ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্য (www.cuet.ac.bd) এই ঠিকানায় পাওয়া যাবে।