স্নাতক যুবাদের দক্ষতা বৃদ্ধি কর্মশালা শুরু
প্রান্তিক ও জেলা শহরের স্নাতক পাস ছেলে-মেয়েদের কর্মজীবনে প্রবেশে সহায়ক, কর্মক্ষেত্রে বিকাশের প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘শিক্ষা টু এমপ্লয়মেন্ট প্রোগ্রাম’-এর পাঁচ দিনব্যাপী আবাসিক কর্মশালা ‘কর্মসোপান পাটাতন’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অ্যাডভান্সিং পাবলিক ইন্টারেস্ট ট্রাস্ট (এপিআইটি) ও ডেমোক্রেটাইজিং পলিসি প্রসেসের উদ্যোগে এবং পুষ্টি সয়াবিন তেল ও প্রিমিয়ার সিমেন্টের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে এপিআইটির সদস্যসচিব সাবরিনা ইসলাম বলেন, ঢাকার বাইরে জেলা শহর ও প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা যাতে কর্মজীবনে পিছিয়ে না পড়েন, সেটাই এই প্রকল্পের উদ্দেশ্য। তিনি বলেন, দুই হাজার টাকার সম্মানীতে প্রশিক্ষণার্থীরা এই কর্মশালা শেষে মেধার ভিত্তিতে সনদ পাবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতিমধ্যেই ১০০ জনকে এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৬ আগস্ট খুলনায় ১০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে হবে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিতে প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, খণ্ডকালীন চাকরিসহ দক্ষতা ও মেধার বিচারে স্থায়ী চাকরির সুযোগ থাকবে। সংবাদ সম্মেলনে টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আমরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও এপিআইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।