চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ নভেম্বর থেকে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।ভর্তি পরীক্ষা কমিটির সচিব বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করে বলেন, আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রায় প্রতিটি অনুষদের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় ক্ষেত্রেই গত বছরের তুলনায় শিথিল করা হয়েছে।টেলিটক সিমে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবার প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য গত বছরের থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এ বছর গত শিক্ষাবর্ষের তুলনায় ১০০টি সাধারণ আসন বৃদ্ধি করা হয়েছে। এবার সাতটি অনুষদের নয়টি ইউনিটে তিন হাজার ৬৩০টি সাধারণ আসনে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এর বাইরে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ অপরিবর্তিত রয়েছে।