বরিশাল নগরের সরকারি কলেজগুলোতে স্নাতক সম্মান শ্রেণিতে আসন-সংকট তীব্র। এ কারণে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা বিপাকে পড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের। তবে ইংরেজি বিভাগের আসন ফাঁকা থাকছে সব কলেজে।
স্নাতক সম্মানে সবচেয়ে বেশি আসন সরকারি ব্রজমোহন কলেজে। এই কলেজের ২২টি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে মাত্র সাড়ে চার হাজার শিক্ষার্থীর। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ১২টি বিষয়ে আসন আছে ৭৩০টি, সরকারি মহিলা কলেজে ১২টি বিষয়ে আসন ৭২০টি। সরকারি বরিশাল কলেজে ছয় বিষয়ে ৫১০টি।
অধ্যক্ষদের অনেকে জানান, আসন সীমিত থাকায় অনেক শিক্ষার্থী স্নাতকে পড়ার সুযোগ পান না। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের কারণে ইংরেজি বিভাগের আসন শূন্য থাকছে। বাণিজ্য বিভাগের অনেক শিক্ষার্থী ইংরেজি বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর পাওয়ার পরও সেখানে ভর্তির সুযোগ পাচ্ছেন না। গত শিক্ষাবর্ষে সরকারি ব্রজমোহন কলেজে ৯২ আসন সরকারি বরিশাল কলেজের ৭০ আসন শূন্য রয়েছে। একই অবস্থা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের।
সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ মজিবর রহমান বলেন, ‘স্নাতক সম্মান শ্রেণিতে ইংরেজি বিভাগে সব কলেজে আসন শূন্য থাকে। অথচ অন্যান্য বিভাগে ভর্তির সুযোগ পায় না। যারা ভর্তি পরীক্ষায় ২৫ এ ১০ পায় তারা ভর্তি হতে পারে না। বাণিজ্যসহ অন্য বিভাগে মেধা তালিকায় থাকা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী যারা ইংরেজিতে বেশি নম্বর পায় তাদের সুযোগ দেওয়া হলেও ওই সমস্যার সমাধান হতে পারে।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল থেকে জানা যায়, এ বছর জেলায় ১৪ হাজার ৭৫২ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করেছেন। এর মধ্যে এক হাজার ১৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে স্বল্পসংখ্যক মেডিকেল কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। বাকি বড় একটি অংশ ভর্তিযুদ্ধে অংশ নেবে সরকারি ব্রজমোহন কলেজসহ অন্য চার কলেজে।
ব্রজমোহন কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, আসন সীমিত থাকার কারণে গত বছর চার হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। তিনটি বিষয়য়ে সাড়ে তিন শ আসন বাড়ানোর আবেদন করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের একটি সিদ্ধান্তের কারণে ইংরেজি বিভাগের আসন ফাঁকা থাকছে।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, বরিশাল নগরে যত শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সেই পরিমাণ স্নাতকে আসন নেই। শিক্ষার্থীদের স্নাতকে অধ্যয়নের সুযোগ দিতে হলে আসন বাড়াতে হবে। আশপাশের কলেজগুলোতে সম্মান শ্রেণি খুলতে হবে।
বরিশাল কলেজের অধ্যক্ষ মজিবর রহমান বলেন, বর্তমানে পাসের হার বেড়েছে। এখন মানের দিকে নজর দেওয়া জরুরি। উচ্চ শিক্ষাটা নিয়ন্ত্রণ হওয়া দরকার। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের অনেকেরই স্নাতক সম্মান শ্রেণিতে পড়ার যোগ্যতা নেই। তার পরও নগরের চার কলেজের ওপর চাপ পড়ছে।