স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষার্থী তিন লাখ ২১ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২১২টি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর আবেদন করেছেন তিন লাখ ২১ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী। আজ শুক্রবার বেলা ১১টায় দেশজুড়ে ১২৯টি কেন্দ্রে তাঁদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মানবিক শাখায় এক লাখ ৪০ হাজার ২১১ জন, বিজ্ঞান শাখায় ৪৩ হাজার ৭১১ ও ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৩৭ হাজার ৬২২ জন ছাত্রছাত্রী অংশ নেবেন। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) ফরম পূরণ ও হাজিরাপত্রে সই করতে হবে। ভর্তিসংক্রান্ত প্রয়োজনে ০১৭১৮১৯০১৫০ ও ০১৭১৮২৩৬২০০ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।