পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফরম আগামী ৯ অক্টোবর থেকে অনলাইনে পাওয়া যাবে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর আবেদনপত্র জমা নেওয়া হবে। ভর্তিপরীক্ষা আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ইউনিটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; বি ইউনিটে গণিত, পদার্থবিজ্ঞান, ভূগোল ও নগর পরিকল্পনা এবং সি ইউনিটে ব্যবসায় প্রশাসন, অর্থনীতি ও বাংলা বিভাগে মোট ৪৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান শাখায় এইচএসসি ও এসএসসি এই দুই পরীক্ষায় সর্বনিম্ন ৭, ব্যবসায় প্রশাসনে ৬.৫০ এবং মানবিক শাখায় ৬ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ডাক বিভাগের ইএম (ইলেকট্রনিক মানি অর্ডার) সুবিধা প্রদানকারী যেকোনো ডাকঘর থেকে ক ইউনিটে ৫৫০ এবং খ ও গ ইউনিটে ৫০০ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ পাহাড়ি/ আদিবাসী/ প্রতিবন্ধী উল্লেখ করতে হবে। ভর্তিসংক্রান্ত আরও তথ্য www.pust-info.com ওয়েবসাইটে পাওয়া যাবে।