স্নাতকে ২০ ভাগ আসন খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত মোট শিক্ষার্থীদের প্রায় ২০ ভাগ আসন খালি পড়ে আছে। প্রতিবছর স্নাতক প্রথম বর্ষে নবীন শিক্ষার্থী ভর্তি হওয়ার কিছুদিন পর নিজেদের পছন্দমতো অন্য প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়ে চলে যাওয়ায় খালি হচ্ছে এ আসনগুলো। পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে তৈরি অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয়বার ভর্তির কোনো সুযোগ না থাকায় সব সময় খালি পড়ে থাকে আসনগুলো।
শিক্ষা শাখা সূত্রে জানা যায়, বর্তমানে স্নাতকে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর আসনসংখ্যা দুই হাজার ৩০০। অধ্যয়নরত আছেন এক হাজার ৮৪৮ জন। খালি পড়ে আছে ৪৫২টি আসন, যা মোট শিক্ষার্থীর প্রায় ২০ ভাগ। স্নাতক প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত এ আসনগুলো নানাবিধ কারণে খালি হয়ে যায়। তবে এর বেশির ভাগ আসন খালি হয় প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার সময়।
বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদ কৃষি অনুষদ, কৃষি ব্যবসা ব্যবস্থাপনা অনুষদ এবং পশু চিকিৎসা ও প্রতিপালন অনুষদে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন ৫০০ শিক্ষার্থী। বর্তমানে ওই শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন ৩৭৭ জন। মোট আসন খালি ১২৩টি, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৫ ভাগ।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী আরিফা আফরীন প্রথম আলোকে অভিযোগ করে বলেন, ‘আমাদের শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু হলেও পরীক্ষা কার্যক্রম শুরু হতে প্রায় দুই মাস সময় লেগে যায়। অথচ এই সময় বেশ কিছু মূল্যবান আসন খালি হয়ে যায়। যদি কর্তৃপক্ষ অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখত, তবে বেশির ভাগ আসন খালি থাকত না।’
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর নভেম্বর বা ডিসেম্বর মাসে বিভিন্ন অনুষদে স্নাতক প্রথম বর্ষে নতুন শিক্ষার্থীর জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষদে প্রায় ৫০০ শিক্ষার্থী ভর্তি করা হয়। গত বছর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে এ আসনগুলোর বিপরীতে ভর্তি পরীক্ষায় ১৫ হাজার ৯৪৬ জন প্রতিযোগী আবেদন করেন। একটি আসনের বিপরীতে গড়ে ৩২ জন পরীক্ষার্থী অংশ নেন।
ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চমাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়গুলোর ওপর বহুনির্বাচনী প্রশ্নপদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্রেডিং পদ্ধতিতে মাধ্যমিক কিংবা এর সমমান পরীক্ষার ফলাফলকে আট গুণ, উচ্চমাধ্যমিক কিংবা এর সমমান পরীক্ষার ফলাফলকে ১২ গুণ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের মেধাতালিকা প্রস্তুত করা হয়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৫০০ জনের মেধাতালিকা এবং ৫০০ জনের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়। পরে ৫০০ জনের মেধাতালিকা থেকে ভর্তি হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে ৫০০ জনের অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়।
কিন্তু দেখা যায়, প্রতিবছর এই নবীন শিক্ষার্থীদের প্রায় ২০ ভাগ ভর্তি হওয়ার কিছুদিন পর নিজেদের পছন্দমতো অন্য প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়ে চলে যান। দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কোনো সুযোগ না থাকায় খালি পড়ে থাকে এ মূল্যবান আসনগুলো।অথচ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার এক মাস পর অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেওয়া হয়ে থাকে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে তৈরি অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকলে খালি আসনগুলোর অধিকাংশ পূর্ণ করা সম্ভব।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব আনুয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ভর্তি কমিটির সভায় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির দ্বিতীয় কোনো সুযোগ রাখার ব্যাপারে আলোচনা করব। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ২ জুন উপাচার্য মো. শাদাত উল্লাকে ভর্তি কমিটির সভাপতি এবং রেজিস্ট্রার আনুয়ারুল ইসলামকে সদস্যসচিব করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।