জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এবারই পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। কিন্তু এবারের ফলে বেশ কিছু ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বেশ কিছুসংখ্যক ছাত্রীর যে কোর্স ছিল না, তা ফলের শিটে দেখিয়ে তাঁদের ওই কোর্সে অনুপস্থিত দেখানো হয়েছে। ফলে তাঁদের ফল এসেছে অনুত্তীর্ণ।
ইডেন কলেজের ভুক্তভোগী এক ছাত্রী প্রথম আলোকে বলেন, যে কোর্স তাঁর ছিল না, সেটিতে অনুপস্থিত দেখিয়ে তাঁকে ফেল দেখানো হয়েছে, যা কোনোভাবেই হতে পারে না। তিনি জানান, তাঁর বিভাগের বেশির ভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে এমন ভুল হয়েছে।
ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাফরুন্নাহার প্রথম আলোকে বলেন, তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন যে সফটওয়্যার সমস্যার কারণে এমনটি হয়েছে। এটি ঠিক হয়ে যাবে। না হলে একজন শিক্ষক গিয়ে ঠিক করবেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, আগেও ফল প্রকাশের পর এ রকম কিছু অভিযোগ এসেছে। ফলে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে। এ ছাড়া পুনর্নিরীক্ষণেরও সুযোগ রয়েছে।
গত ১১ নভেম্বর লিখিত এবং ২৪ ডিসেম্বর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছিল। ২৭টি বিষয়ে সারা দেশে ২০৫টি কলেজের এক লাখ ৩০ হাজার পরীক্ষার্থী অংশ নেন। ফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোন থেকে খুদে বার্তায় (এসএমএস) ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4 <space> Roll লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।