স্নাতকোত্তরের ফল প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁরা দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্প্রতি ওই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ কমিটির সভায় এক শিক্ষার্থীর থিসিসে নকলের অভিযোগ এনে বিভাগীয় প্রধান তাঁর ফল আটকে দেন। এতে কমিটির অন্য সদস্যরা আপত্তি জানালে সবার ফল প্রকাশ স্থগিত হয়ে যায়। এতে বিভাগের ১১ জন শিক্ষার্থীর ফল আটকে গেছে। এত দিনে তাঁদের ফল প্রকাশ হওয়ার কথা।
এ নিয়ে গত শুক্রবার ‘শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।
সৌরভ ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘কয়েক দিন পর একটি সরকারি ব্যাংকে এক সহপাঠী ও আমার সাক্ষাৎকার রয়েছে। সেখানে মাস্টার্সের সনদ দেখাতে হবে।’ প্রাথমিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সনদের জন্য চাকরি না হওয়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা।
একই বিভাগের শিক্ষার্থী আলিম-আল-সজীব বলেন, ‘গত সপ্তাহে একটি বেসরকারি প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষা দিয়েছি। আমাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে মাস্টার্সের সনদ অথবা নম্বরপত্র জমা দিতে বলা হয়েছে। জানি না দিতে পারব কি না। তাই শিগগিরই ফল প্রকাশের দাবি করছি।’
বিভাগীয় প্রধান ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘নকল থিসিসটি ছাড়া বাকি শিক্ষার্থীদের নম্বরপত্র তৈরি করে সই দিয়েছি। কিন্তু কমিটির বাকি সদস্যরা ওই থিসিসটির নম্বর না তোলায় সই দেননি। তাঁদের সই হওয়া মাত্রই ফল প্রকাশের সুপারিশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক আবদুর রহমান সরকার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি ওয়াকিবহাল। শিগগিরই যাতে ইতিবাচক সিদ্ধান্তে আসা যায়, সে চেষ্টাই করব।’