স্নাতকোত্তরের ২০০ শিক্ষার্থীর পাঠদান ১১ মাসেও শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের পাঁচটি বিভাগের স্নাতকোত্তরের প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান ১১ মাসেও শুরু হয়নি। এতে তাঁদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
শুধু নীতিমালা না থাকায় ওই শিক্ষার্থীদের স্নাতকোত্তরের পাঠদান শুরু হচ্ছে না। এ জন্য বিভাগীয় প্রধানেরা উপাচার্যকে আর উপাচার্য বিভাগীয় প্রধানদের দুষছেন। এরই মধ্যে দ্বিতীয় ব্যাচের আটটি বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থীর স্নাতক (সম্মান) পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলে প্রথম ব্যাচের সঙ্গে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের একীভূত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে উপাচার্য এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, ‘স্নাতকোত্তরের নীতিমালা প্রণয়ন করবেন অনুষদ কিংবা বিভাগীয় প্রধানেরা। এ ব্যাপারে বিভিন্ন বিভাগের প্রধানদের তাগাদাও দেওয়া হয়েছে। তাঁরা নীতিমালা তৈরি করে আলোচনার মাধ্যমে সিন্ডিকেটে পাস করালেই তা চালু হয়ে যায়। কিন্তু দীর্ঘ সময়েও সংশ্লিষ্ট শিক্ষকেরা তা করেননি। আর নীতিমালা না হলে পাঠ্যক্রমও তৈরি করা যাবে না। তাই প্রথম ব্যাচের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্বে পড়াশোনা করতে পারছেন না। এখানে নীতিমালা না করার বিষয়ে শিক্ষকেরা আমাকেই দোষারোপ করে থাকেন। এই অবস্থায় আমারই বা কী করার আছে?’
তবে কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের প্রধান হাফিজুর রহমান এবং ইংরেজি বিভাগের প্রধান আলী রায়হান সরকার দাবি করেন, উপাচার্যের অসহযোগিতার কারণেই নীতিমালা প্রণয়ন করা হয়নি। নীতিমালার বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে তিনি বিষয়টি আমলে নেন না।
ওই তিনজনই সম্প্রতি প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
সাইদুল হক বলেন, ‘এই দীর্ঘ সময়ে স্নাতকোত্তরের নীতিমালা করা হয়নি—এ কথা সত্য। আর নীতিমালা না হওয়ায় পাঠ্যক্রমও হয়নি। এর ফলে শিক্ষার্থীরা বসে রয়েছে। এ ছাড়া নীতিমালা প্রণয়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন রয়েছে। আশা করছি, চলতি মাসেই এ সমস্যার সমাধান হবে।’
আলী রায়হান সরকার বলেন, ‘সমন্বয়হীনতার কারণে নীতিমালা প্রণয়ন সম্ভব হয়নি। ফলে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। তবে খুব শিগগির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছর ২০০৯ সালের ৪ এপ্রিল শিক্ষা কার্যক্রম শুরু হয়। ওই সময় বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স ও বিজনেস স্টাটিজ বিভাগে প্রথম ব্যাচের পাঠদান শুরু হয়। এর মধ্যে বিজনেস স্টাটিজ বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) নীতিমালা করে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। বাকি পাঁচটি বিভাগের এখনো নীতিমালাই তৈরি করা হয়নি। আর নীতিমালা না হওয়ায় পাঠ্যক্রমও হয়নি।
চলতি বছরের জানুয়ারি মাসে এ পাঁচটি বিভাগের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পাস করেছেন। নিয়ম অনুযায়ী তাঁদের জানুয়ারি মাস থেকেই স্নাতকোত্তরের পাঠদান শুরু হওয়ার কথা। কিন্তু প্রায় ১১ মাস শিক্ষার্থীরা বসে রয়েছেন। তাঁরা নিজ নিজ বিভাগে ঘোরাফেরা করছেন।
প্রথম ব্যাচের শিক্ষার্থীরা বলেন, স্নাতক (সম্মান) পাস করার পর প্রায় একটি বছর বসে থাকতে থাকতে তাঁরা পুরোদমে ভেঙে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের একজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘শুধু নীতিমালা না করার কারণে আমাদের শিক্ষাজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এভাবে বসে থাকতে থাকতে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে এক হয়ে যাচ্ছেন। এত দিনে আমরা স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা দিতাম। এটি কী করে সম্ভব?’