স্নাতকোত্তর করা হলো না আহম্মদ আলীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহম্মদ আলী
ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হওয়ায় সহপাঠীদের সঙ্গে প্রথমবার স্নাতকোত্তর পরীক্ষায় বসা হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহম্মদ আলীর। তিনি ভেবেছিলেন, কিছুটা সুস্থ হয়ে পরের ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে স্নাতকোত্তর পরীক্ষা দেবেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সে সুযোগও হয়নি তাঁর। পরীক্ষা হলের পরিবর্তে তাঁকে থাকতে হয় হাসপাতালের বিছানায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না–ফেরার দেশে চলে গেছেন তিনি। আহম্মদ আলীর আর স্নাতকোত্তর সম্পন্ন করা হলো না।

গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহম্মদ আলী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী জগেশ রায় প্রথম আলোকে বলেন, আহম্মদ আলী ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ডিসেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন। তাঁর চিকিৎসার জন্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেন। গত বছরের জানুয়ারিতে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। গত আগস্টে আরেকটি অস্ত্রোপচার হয়। কিন্তু তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ে।

জগেশ রায় আরও বলেন, আহম্মদ আলীকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এর মধ্যে গত ২০ জানুয়ারি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।

সহপাঠীরা জানান, অসুস্থ হয়ে পড়ায় আহম্মদ আলী মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত ব্যাচের পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ বছর পরবর্তী ব্যাচের সঙ্গে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু অসুস্থতার কারণে এবারও এই পরীক্ষায় তিনি অংশ নিতে পারেননি। শেষ পর্যন্ত তাঁর স্নাতকোত্তর করা হলো না।

আহম্মদ আলীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন উপাচার্য ও কোষাধ্যক্ষ। বিভাগের পক্ষ থেকেও একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সদস্যরা আহম্মদ আলীর মরদেহ গ্রামের বাড়ি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে নিয়ে যান। সেখানে গতকাল বিকেল পাঁচটায় তাঁর জানাজা হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।