স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুড়া সরকারি আজিজুল হক কলেজে সমাজকর্ম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এবং ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তাঁরা বগুড়া শহরের সাতমাথা-তিনমাথা স্টেশন সড়ক অবরোধ করেন। এর আগে তাঁরা কলেজ চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, চার বছর আগে সম্মান শ্রেণীতে ভর্তি হওয়ার পর তাঁরা কৃতিত্বের সঙ্গে পাস করেছেন। কিন্তু তাঁদের কলেজসহ উত্তরবঙ্গের কোনো কলেজে সমাজকর্ম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এবং ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর চালু নেই। অথচ আগামী ২৭ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে বলা হয়েছে।আজিজুল হক কলেজের ফাইন্যান্স বিভাগের ফিরোজ কবির ও শাহরিয়ার হক বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের বেশির ভাগই গ্রাম থেকে আসা কৃষকের সন্তান। স্নাতকোত্তর পড়তে চাইলে তাদের ঢাকায় গিয়ে পড়তে হবে। কিন্তু সেখানে পড়ালেখার খরচ চালানোর সামর্থ্য অভিভাবকদের নেই। সমাজকর্ম বিভাগের জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা আখতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এত দিন বাড়ি থেকে কলেজ করেছি। এখন ঢাকায় রেখে স্নাতকোত্তর পড়াতে কোনোভাবেই বাবা-মা রাজি হবেন না।’ কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, ‘ওই চার বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের এ মাসেই স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হতে হবে। ঢাকায় যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। সামর্থ্য না থাকায় অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে কলেজে স্নাতকোত্তর কোর্স চালুর আবেদন করা হয়েছিল। কিন্তু অযাচিত শর্তের বেড়াজালে বিষয়টি আটকে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, স্নাতকোত্তর কোর্স চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তিন সদস্যের একটি কমিটি হয়েছে। কমিটি অচিরেই মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিকরণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে প্রাণান্তকর চেষ্টা চলছে। স্নাতকোত্তর কোর্স চালুর প্রক্রিয়া হিসেবে তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে।’