স্নাতকোত্তর চালু শিগগিরই শুরু হবে ভর্তি-প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে পাঁচটি বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্স চালু করার অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জেলায় এই প্রথম কোনো কলেজে স্নাতকোত্তর কোর্স চালু হলো।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতকোত্তর কোর্সে দু-এক দিনের মধ্যে তারা শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করবে। অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান।কলেজ সূত্রে জানা গেছে, জেলার অন্যতম এই বিদ্যাপীঠ ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার। কলেজটিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ১৪টি বিষয়ের ওপর স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। পাশাপাশি পাস কোর্সও চালু রয়েছে। জেলায় কোনো কলেজে স্নাতকোত্তর কোর্স চালু না থাকায় এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিতে ছুটতে হতো সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।গত শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি চিঠি কলেজে পৌঁছায়। ওই চিঠিতে স্নাতকোত্তর কোর্স অধিভুক্তির বিষয়টি জানানো হয়। এ ছাড়া শিক্ষার্থী ভর্তিরও অনুমোদন দেওয়া হয়।কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য বলেন, ‘কলেজে শিক্ষক ও অবকাঠামোগত সমস্যা থাকলেও আগে আমরা কোর্সটি চালু করতে চাই।’