কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। এর মধ্যে তিনজন স্নাতকোত্তর, তিনজন এইচএসসি পাস ও সাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী আছেন একজন। একজন প্রার্থীর নামে কোনো মামলা নেই। প্রার্থীদের মধ্যে পাঁচজন পেশায় মৎস্য উৎপাদন ও সরবরাহকারী। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।বর্তমান মেয়র ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাফর আলম এমএ ডিগ্রিধারী। তাঁর নগদ অর্থ চার লাখ, ব্যাংকে জমা আছে দুই লাখ এবং স্থায়ী আমানত ৭৫ হাজার। তিনি পেশা হিসেবে কৃষি ও মৎস্য খাতে উৎপাদন এবং ব্যবসা উল্লেখ করেছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন। অতীতে মামলা ছিল ১১টি। জাফর আলমের সহোদর আবুল হাসেম সাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁর সম্পদের মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। বর্তমানে তাঁর নামে কোনো মামলা না থাকলেও অতীতে তিনটি মামলা ছিল। বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম হায়দার এইচএসসি পাস। তাঁর বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলা বিচারাধীন। তাঁর নগদ টাকা রয়েছে ৫০ হাজার এবং ব্যাংকে জমা আছে ৫০ হাজার টাকা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সবচেয়ে তরুণ ফজলুল করিম সাঈদীর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন। তাঁর পেশা মৎস্য চাষ ও কাঠের ব্যবসা। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী মো. সেলিম উল্লাহর শিক্ষাগত যোগ্যতা এমএ। তার পেশা কৃষি ও মৎস্য চাষ। বর্তমানে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মনোয়ার আলম এইচএসসি পাস। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তাঁর নগদ টাকা রয়েছে চার লাখ এবং ব্যাংকে রয়েছে ৫০ হাজার।