স্নায়ু বিকাশের সমস্যায় থাকা ব্যক্তিকে ন্যায্য সুযোগ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, স্নায়ু বিকাশের সমস্যায় থাকা প্রতিটি ব্যক্তির ন্যায্য সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের এমনভাবে তৈরি করতে হবে, যেন তারা পরিবার ও সমাজে অবদান রাখতে পারে। এ উদ্যোগে সবাইকে শামিল হতে হবে। স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় কৌশলপত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সেমিনারে সায়মা ওয়াজেদ এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সেমিনারের আয়োজন করে।
অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন বলেন, প্রতিবন্ধী বা স্নায়ু বিকাশজনিত সমস্যায় ভুগছে, এমন ব্যক্তির সারা জীবনের জন্য বিশেষ চাহিদা থাকে। জন্মের আগে থেকে প্রৌঢ় বয়স পর্যন্ত জীবনের আটটি স্তরেই তাদের বিশেষ সহায়তার প্রয়োজন হয়। কোনো এক ব্যক্তি বা মন্ত্রণালয়ের পক্ষে এ ধরনের সব মানুষকে সহায়তা দেওয়া সম্ভব নয়। এ জন্য সব মন্ত্রণালয় ও সমাজের অন্যদেরও এ কাজে যুক্ত হতে হবে।
বেসরকারি সংস্থা সূচনা ফাউন্ডেশনের সহায়তায় স্নায়ু বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় কৌশলপত্র (২০১৬-২১) তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বোস্টনের ইনস্টিটিউট ফর কমিউনিটি ইনক্লুশান। দেশের কয়েকজন বিশেষজ্ঞ এ কাজে যুক্ত ছিলেন। সেমিনারে এ কৌশলপত্রের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সায়মা ওয়াজেদ হোসেন। তিনি বলেন, জাতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে সহযোগিতার ভিত্তিতে। সহযোগিতা হবে দেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবং স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের। মূল উদ্দেশ্য হবে ন্যায্যতা নিশ্চিত করা। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগবিষয়ক কর্মসূচির উপব্যবস্থাপক মারুফ আহমেদ কামাল প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করার সময় বলেন, স্নায়ু বিকাশে সমস্যা আছে দেশে এমন মানুষের সংখ্যা প্রায় ২৮ লাখ।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক প্রমুখ।