স্নায়বিক প্রতিবন্ধীদের জন্য জাতীয় ট্রাস্ট আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বুদ্ধি ও অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে সরকার একটি জাতীয় ট্রাস্ট আইন করতে যাচ্ছে। ট্রাস্টের তহবিল ব্যবহারের পাশাপাশি এ আইনে প্রতিবন্ধী ব্যক্তির বাবা, মা বা অভিভাবক অন্যদের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ পাবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে গতকাল সোমবার এ আইনের খসড়া চূড়ান্ত করার জন্য আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় পুরো খসড়াটির পর্যালোচনা শেষ না হওয়ায় কাল বুধবার আবার সভা হবে। গত রোববার পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই আইনের খসড়ায় মতামত জানানোর সুযোগ ছিল।সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এবং অটিস্টিক সন্তানের অভিভাবক নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশের প্রচলিত আইনে তেমন কোনো সুরক্ষার কথা বলা নেই। তাই এ আইনটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।অভিভাবক নিয়োগ প্রসঙ্গে নাছিমা বেগম বলেন, ‘এই ধরনের প্রতিবন্ধীদের পেছনে অনেক খরচ। অনেক অভিভাবকের পক্ষেই ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। এ ছাড়া আমি মারা গেলে আমার সন্তানকে দেখভালের জন্য একজন বৈধ অভিভাবকের ব্যবস্থা করা সম্ভব হবে আইনের মাধ্যমে। ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে অন্ততপক্ষে তিনজন অভিভাবক প্রতিনিধি রাখাও আইনটি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’তবে আইনের খসড়াটি তৈরিতে এই ধরনের প্রতিবন্ধীদের অভিভাবক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করায় তাঁদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আইনে অভিভাবকত্ব বাতিলের কথা থাকলেও কোনো ধরনের শাস্তির কথা উল্লেখ না থাকার বিষয়টিতেও অভিভাবকেরা সন্তানের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন। সারা দেশে ৭০টি শাখায় সাড়ে আট হাজার বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে কর্মরত সুইড বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানের অভিভাবক জওয়াহেরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারসংক্রান্ত আইনের খসড়ার তফসিলে বুদ্ধিপ্রতিবন্ধী বা এই ধরনের প্রতিবন্ধীদের অভিভাবকত্ব, সম্পদের সংরক্ষণসহ সুরক্ষার বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সে আইনটির বাস্তবায়ন হলে আলাদা ট্রাস্ট আইনের প্রয়োজন নেই। এ ছাড়া দৃষ্টি, দৃষ্টিশ্রবণ বা শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরাও এ ধরনের ট্রাস্টের আবেদন জানাতে পারে।তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক আইন আর বর্তমান আইনের মধ্যে কোনো সংঘাত নেই। বর্তমানের আইনটিতে বিশেষ এক গোষ্ঠীর দিকে নজর দেওয়া হয়েছে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারভিত্তিক আইনটিও করবে।ট্রাস্ট: আইনের খসড়া অনুযায়ী ট্রাস্টের মূল উদ্দেশ্য হবে, প্রতিবন্ধী ব্যক্তিকে সমাজের অংশ হিসেবে স্বাধীনভাবে বসবাসের উপযোগী করার জন্য সার্বিকভাবে সক্ষম করে তোলা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা। এ ট্রাস্ট প্রতিবন্ধী ব্যক্তির মা-বাবা বা অভিভাবকের মৃত্যুর পর প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করবে। উত্তরাধিকার প্রাপ্তি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগদখল নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে। ট্রাস্টের একটি স্থায়ী এবং চলতি তহবিল থাকবে। সরকার এতে অনুদান হিসেবে ১০০ কোটি টাকা দেবে। এ ছাড়া অন্যান্য উৎস থেকে ট্রাস্ট তহবিল গঠন করবে। খসড়া অনুযায়ী, ট্রাস্টের সার্বিক পরিচালনা ও প্রশাসন একটি বোর্ডের অধীনে থাকবে। এ বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক হবেন প্রধানমন্ত্রী। বোর্ডের একটি উপদেষ্টা পরিষদ থাকবে। ট্রাস্ট সম্পাদিত বার্ষিক প্রতিবেদন বোর্ড সরকারকে দেবে। অভিভাবক নিয়োগ: ট্রাস্টি বোর্ড প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকত্ব অনুমোদনের জন্য স্থানীয় কমিটি গঠন করবে। যেকোনো প্রতিবন্ধীবান্ধব ব্যক্তি বা নিবন্ধিত সংস্থা, তার পছন্দের ভিত্তিতে যেকোনো প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারবে। তবে সংশ্লিষ্ট প্রতিবন্ধী ব্যক্তির মা-বাবা বা অভিভাবকের সম্মতি ছাড়া সে আবেদনপত্র আমলযোগ্য হবে না। চুক্তিনামা করে অভিভাবক নিয়োগ এবং নিয়োগের তারিখ থেকে ছয় মাসের মধ্যে নিয়োগপ্রাপ্ত অভিভাবক প্রতিবন্ধী ব্যক্তির দায়-দেনা-পাওনার প্রতিবেদনসহ সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিসংখ্যান নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন। এরপর অর্থবছর শেষ হওয়ার অনধিক তিন মাসের মধ্যে সম্পত্তির হিসাব বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। যে প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগপ্রাপ্ত অভিভাবকের আওতায় রয়েছে, তার মা-বাবা, আত্মীয় বা যেকোনো নিবন্ধিত সংস্থা প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক অবস্থা পরিদর্শন করতে পারবে। পরিদর্শনের সময় অভিভাবক প্রতিবন্ধী ব্যক্তির প্রতি অবহেলা বা অনিয়ম পেলে নিয়োগপ্রাপ্ত অভিভাবককে অপসারণের জন্য স্থানীয় কমিটির কাছে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে স্থানীয় কমিটি নতুন অভিভাবক নিয়োগ করতে পারবেন অথবা অন্য কোনো যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। অপসারিত অভিভাবক নবনিয়োগপ্রাপ্ত অভিভাবকের কাছে প্রতিবন্ধী ব্যক্তির সম্পত্তির হিসাব ও প্রতিবন্ধী ব্যক্তিকে হস্তান্তর করতে বাধ্য থাকবেন।