স্নায়ুতন্ত্রের রোগ শনাক্তে পর্যাপ্ত ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মস্তিষ্ক, মাংসপেশি, স্নায়ুতন্ত্র ও চোখের রোগ নির্ণয়ে পর্যাপ্ত ব্যবস্থা দেশে নেই। রোগ শনাক্তকরণের যথাযথ ব্যবস্থা না থাকায় কিছু চিকিৎসক শিশুকে অযথা ওষুধ সেবনের পরামর্শ দেন। কোনো কোনো ক্ষেত্রে শিশুরা ভুল চিকিৎসারও শিকার হয়। গতকাল শনিবার রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) অনুষ্ঠিত ‘শিশুদের স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ শনাক্তকরণের পদ্ধতি ও পরীক্ষা সেবা’ শীর্ষক সম্মেলনে শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর ক্লিনিক্যাল নিউরো-ইলেকট্রোফিজিওলজিস্ট (বিএসসিএনইপি) এ জাতীয় সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, হাসপাতালে শিশু স্নায়ুরোগ শনাক্তকরণসংক্রান্ত বিভাগ এবং এ বিষয়ে পদ সৃষ্টি, দক্ষ জনবল তৈরির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সরবরাহের ব্যাপারেও সরকারকে উদ্যোগ নিতে হবে। সম্মেলনের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, মেডিকেল পাঠ্যসূচিতে শিশুস্বাস্থ্য বিষয়টিই এখনো যথাযথ গুরুত্ব পায়নি। সে ক্ষেত্রে হাসপাতালে শিশু স্নায়ুরোগ চিকিৎসার জন্য পৃথক বিভাগ চালু করতে আরও সময় লাগবে।সভাপতির বক্তব্যে বিএসসিএনইপির প্রেসিডেন্ট নায়লা জামান খান বলেন, সরকারের উদ্যোগে এ পর্যন্ত দেশের ১০টি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র যাত্রা শুরু করেছে। ৬৪টি জেলায় এ ধরনের কেন্দ্র তৈরির চিন্তা করছে সরকার। তবে চালু হওয়া কেন্দ্রগুলোতে এখনো শিশুদের মস্তিষ্কের সমস্যায় ইইজি বা অন্যান্য পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। সেবাটি এখনো অনেকটাই ঢাকাকেন্দ্রিক।বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান কে সিদ্দিক-ই রব্বানী বলেন, দেশি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তির প্রতি সরকারের অনীহা আছে। তিনি অভিযোগ করেন, তাঁর উদ্ভাবিত প্রযুক্তির ব্যাপারে বিদেশিরা আগ্রহ দেখালেও সরকারি পর্যায়ে উৎসাহ দেখা যায়নি। এই বিজ্ঞানী বলেন, যথাযথ সহায়তা পেলে দেশেই ইইজি মেশিন তৈরি করা সম্ভব।সম্মেলনে শিশু বিশেষজ্ঞ মনিমুল হক, মিজানুর রহমান, সেলিনা হুসনা বানু, মাহমুদা হোসেন, খন্দকার রোকনুদ্দিন, তানজিনা শরীফা, এখলাসুর রহমান, ইফফাত আরা শামসাদ প্রমুখ বক্তব্য দেন।