স্পডবোট চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় প্রশাসনের নির্দেশে নবীনগর থেকে বিভিন্ন রুটে চলাচলরত প্রায় অর্ধশত যাত্রীবাহী স্পিডবোট দুই দিন ধরে বন্ধ রয়েছে। এতে স্পিডবোট ব্যবহারকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক জরুরি বৈঠক হয়েছে। ইউএনও আ ন ম নাজিম উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ, ওসি আবু জাফর, স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ সেলিমসহ সমিতির নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে স্পিডবোট চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট ও হেলমেট পরা এবং স্পিডবোটে সিগন্যাল বাতি ও হেডলাইট লাগানো বাধ্যতামূলক করার কথা বলা হয়। এ ছাড়া সূর্যাস্তের পর স্পিডবোট চলাচল সম্পূর্ণ বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়। পাশাপাশি স্পিডবোট চলাচলের ওপর প্রশাসনিক তদারকি জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়।ইউএনও আ ন ম নাজিম উদ্দীন বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ সেলিম বৈঠক শেষে প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে শিগগিরই স্পিডবোট চলাচল পুনরায় শুরু করা হবে।’