স্পষ্ট ও পরিষ্কার শব্দ, গতিশীল ইন্টারনেট ও স্থিতিশীল নেটওয়ার্ক সেবা নিশ্চিতে মুঠোফোন অপারেটরদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

মুঠোফোনে কলের ক্ষেত্রে স্পষ্ট ও পরিষ্কার শব্দ, গতিশীল ইন্টারনেট ও স্থিতিশীল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মুঠোফোন অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

একই সঙ্গে মুঠোফোন অপারেটরের বিষয়ে অভিযোগ নিষ্পত্তিতে বিটিআরসির অভিযোগ সেলের কার্যক্রম তদারকি করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন আদালত। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও অ্যাসোসিয়েশন অব টেলিকম অপারেটরস অব বাংলাদেশের একজন প্রতিনিধিকে কমিটিতে রাখতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান ওই রিটটি করেন। কলের ক্ষেত্রে স্পষ্ট ও পরিষ্কার শব্দ, গতিশীল ইন্টারনেট ও স্থিতিশীল নেটওয়ার্ক সেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাছুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী, মুঠোফোনে কলের ক্ষেত্রে স্বচ্ছ ও পরিষ্কার শব্দ, গতিশীল ইন্টারনেট ও স্থিতিশীল নেটওয়ার্ক সেবা নিশ্চিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে এই রুলে।

ইন্টারনেট সেবা পেতে ডেটা প্যাকের জন্য মুঠোফোন অপারেটরদের নির্ধারিত মেয়াদ বাতিল করতে এবং কেনা ডেটা শেষ হওয়ার আগপর্যন্ত গ্রাহকদের তা ব্যবহারের অনুমতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান এবং গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলাদেশ ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।