স্পারের ৩০ মিটার শ্যাংক নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার শহরাবাড়ি ১ নম্বর স্পারে ৩০ মিটার শ্যাংক ধসে যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল শনিবার ভোরে পানির প্রবল স্রোতে শ্যাংকে ধসের এ ঘটনা ঘটে। 

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় ২০০৩ সালে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে শহরাবাড়ি এলাকায় ৭০০ মিটার দীর্ঘ একটি স্পার নির্মাণ করা হয়। স্পারটি নির্মাণের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় যমুনাপারের মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পায়। কিন্তু নির্মাণের পর থেকে সংস্কারের অভাবে প্রতিবছর স্পারটি ভাঙনের শিকার হচ্ছে।  

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কয়েক দিন ধরে উজান থেকে নেমে আসা পানির কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার শহরাবাড়ি স্পারের মাঝামাঝি জায়গায় পানির প্রবল স্রোত ধাক্কা খেয়ে শ্যাংকের প্রায় ৩০ মিটার অংশ ধসে পড়েছে। তাঁদের অভিযোগ, যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামতে নিয়োজিতঠিকাদারেরা স্পারের পাশে ড্রেজার (খননযন্ত্র) বসিয়ে বালু উত্তোলন করার ফলেই শ্যাংক ধসে গেছে। এর আগেও ৮ জুলাই শহরাবাড়ি স্পারের ৮০ মিটার শ্যাংক ধসে যমুনায় বিলীন হয়ে যায়। 

  শহরাবাড়ি গ্রামের বাসিন্দা মাহামুদুল হাসান বলেন, ‘শহরাবাড়ি স্পার থাকার কারণে আমরা ভাটি এলাকার মানুষ ভাঙনের হাত থেকে রক্ষা পাইছিলাম। এখন স্পার ভাইঙ্গা গেলে আমাগর আর বাঁচন নাই। ভাটির দিকে কয়েকটি গ্রাম একেবারে শেষ হইয়া যাইব।’ 

বগুড়া পাউবোর সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, এলাকাবাসীর বক্তব্য সঠিক নয়। শহরাবাড়ি থেকে যে পরিমাণে বালু উত্তোলন করা হয়েছে, তাতে স্পারের কোনো ক্ষতি হওয়ার কথা না। ধস ঠেকানোর জন্য আজ (শনিবার) বিকেল থেকেই সিসি ব্লক এবং বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে।