স্পিক এশিয়ার কর্মকর্তার ব্যাংক হিসাব তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেলিং মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান স্পিক এশিয়ার প্রধান কর্মকর্তা আবদুল আজিম ওরফে রাজু ও তাঁর সহযোগী মোরশেদ মন্টুর কাছ থেকে পুলিশ তিনটি চেক এবং পাঁচটি এটিএম কার্ড উদ্ধার করেছে। তাঁদের ব্যাংক হিসাবে কী পরিমাণ টাকা আছে, তার তদন্তও শুরু হয়েছে। এদিকে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, আজিমের কাছ থেকে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইসলামী ব্যাংকের ১৪ লাখ টাকার তিনটি চেক উদ্ধার করা হয়েছে। তা ছাড়া আজিম ও মোরশেদের ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে গতকালই রাউজান ও রাঙ্গুনিয়া পুলিশের সহযোগিতা চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজিমের বাড়ি রাঙ্গুনিয়ায় এবং মোরশেদের রাউজানে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা নাসিম হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমরা আজিমের চট্টগ্রাম নগরের ব্যবসায়িক কার্যালয়ে তল্লাশি চালিয়েছি। নগরের মোমিন সড়কে কদম মোবারক মার্কেটের একটি যন্ত্রপাতির (পার্টস) দোকান ভাড়া নিয়ে মা পলিকন লিমিটেড নাম দিয়ে গত নভেম্বর থেকে আজিম সহযোগীদের নিয়ে ব্যবসা শুরু করেন। স্পিক এশিয়ায় একাধিক বিনিয়োগকারী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা নিজেদের টাকা ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন।’জানা যায়, ২০০৩ সালে চট্টগ্রামের বহদ্দারহাটে সেভ প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন আজিম। তাঁর মালিকানা কম থাকলেও এখানে থেকেই তিনি এমএলএম ব্যবসার ধারণা নেন। তিনি সেখানে বিভিন্ন সময় বিনিয়োগকারীদের ক্লাসও নিতেন। পরে সেভের কর্মকর্তারা আত্মগোপন করলে হাজার হাজার বিনিয়োগকারী পথে বসেন। দুই মাস আগে তিনি চট্টগ্রামে স্পিক এশিয়া নামের এমএলএম ব্যবসা চালু করেন। এ ব্যবসার মূল কৌশল হলো ইন্টারনেটে প্রশ্নোত্তরের মাধ্যমে ডলার বিক্রি। শুরুর দিকে বিনিয়োগকারীরা কিছু টাকার মালিকও হন। এ সময় আজিম তাঁদের ব্যবসা আরও বাড়াতে শীর্ষ বিনিয়োগকারীদের আগামী মার্চ থেকে সিঙ্গাপুর ভ্রমণের প্রলোভন দেখান। কিন্তু এক সপ্তাহ ধরে হঠাৎ তাঁদের ব্যাংকের হিসাবে টাকা আসা বন্ধ হয়ে যায়। তখন উদ্বিগ্ন বিনিয়োগকারীরা আজিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।জানা যায়, স্পিক এশিয়া দুই মাস আগে চালু হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটির এ দেশি এজেন্ট আজিমের সঙ্গে যোগাযোগের কোনো সঠিক কার্যালয় ছিল না। মোমিন রোডে মা পলিকন নামে একটি কার্যালয় খুলে সেখানে তিনি মাঝেমধ্যে বসতেন। তা ছাড়া অন্য সহযোগীদের নামও বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করেননি। একাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্পিক এশিয়ার অবস্থান কখনো সিঙ্গাপুর, কখনো মালয়েশিয়া আবার সর্বশেষ ভারতে বলে দাবি করেন আজিম। রাজু পুলিশের হাতে ধরা পড়ায় এ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা। চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র মোহাম্মদ শোয়েব বলেন, ‘আমরা নিজেদের বিনিয়োগ নিয়ে দুঃশ্চিন্তায় আছি। আজিম কবে নাগাদ জামিন পাবেন, সেটাও অনিশ্চিত।’