স্পিকার ও প্রধান বিচারপতির পদমর্যাদা একই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) বিষয়ে করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।
২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আদালতে রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিশেষ কৌঁসুলি আবদুর রব চৌধুরী মামলা পরিচালনা করেন। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু ও মো. আসাদুজ্জামান।
পরে আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এখন নতুন করে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স করতে হবে। হাইকোর্টের এ-সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হয়নি। আদালতের মৌখিক রায়ের সারমর্ম হচ্ছে, এখন থেকে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম তালিকার তিনে জাতীয় সংসদের স্পিকারের সমমর্যাদায় থাকবেন প্রধান বিচারপতি। বর্তমানে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে স্পিকার তিনে এবং প্রধান বিচারপতি চার নম্বরে রয়েছেন। সাংবিধানিক পদাধিকারী হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল প্রজাতন্ত্রের সব সচিবের ওপরে থাকবেন। জেলা জজদের অবস্থান হবে প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তার পদমর্যাদার ক্রমে। পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
আইনজীবীরা জানান, ১৯৭৫ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে প্রধান বিচারপতির পদমর্যাদাক্রম স্পিকারের সঙ্গে তিন নম্বর ক্রমিকে ছিল। তবে ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সেটা পরিবর্তন করে প্রধান বিচারপতিকে চার নম্বর ক্রমিকে রাখা হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে তা সংশোধন করা হয়। তার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। কিন্তু ওই সময় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে বলে এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. আতাউর রহমান রিট আবেদন করেন।