জাতীয় সংসদের স্পিকার নিরপেক্ষ নন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন।শেয়ারবাজার লুণ্ঠনকারীদের গ্রেপ্তার, বিচার এবং ব্যর্থ অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা শেয়ারবাজার ধ্বংসের জন্য অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। আপনার কাছে আর কোনো দাবি নেই। যে জাতীয় সংসদ অকার্যকর সে সংসদে যাওয়ার বিবেচনা আর নেই।’ তিনি বলেন, স্পিকার ডান-বামে সমানভাবে দেখেন না। দুই পাশের কথাও সমানভাবে শোনেন না। জাতীয় সংসদে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় না। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার সুপরিকল্পিতভাবে শেয়ারবাজার ধ্বংস করেছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন: বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।