স্পিকার পদে শিরীনের সম্ভাবনা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে দলীয় প্রার্থী ঠিক করা হবে। দশম সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক সামনে রেখে আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসছে। সংবিধান অনুসারে নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়।
স্পিকার পদে এখন পর্যন্ত প্রার্থী ঠিক করা না হলেও গতকাল থেকে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সম্ভাবনা বেড়ে গেছে বলে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে। তিনি সাংসদ না হওয়ায় এ পদ লাভের তাঁর কোনো সুযোগ ছিল না। তবে রংপুর-৬ আসনের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ায় স্পিকার পদ গ্রহণে আর কোনো জটিলতা নেই। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শিরীন শারমিন চৌধুরী ছাড়া এ আসনে আর কোনো প্রার্থী নেই। আজ বেলা ১১টায় মনোনয়নপত্র বাছাই হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪ ধারা অনুযায়ী, বাছাইয়ে একমাত্র প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, প্রথা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর গেজেট করা হয়। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে গেজেট করার ব্যাপারে আইনি কোনো বাধা নেই বলে তাঁরা মনে করছেন।
আগামী ৩ ফেব্রুয়ারি রংপুর-৬ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কমিশন সূত্র জানায়, আজ বিকেল পাঁচটার মধ্যে রিটার্নিং কর্মকর্তা শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পর গেজেট করা হতে পারে। এ ক্ষেত্রে আগামীকাল সকালে শিরীন শারমিন সাংসদ হিসেবে শপথ নিতে পারেন। সংসদ কার্যপ্রণালি অনুযায়ী, স্পিকার সাংসদ নির্বাচিত হলে তিনি নিজেই নিজের শপথবাক্য পাঠ করবেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার নির্বাচন নিয়ে দলের কোনো পর্যায়ে তেমন কিছু বলেননি। তিনি রংপুর-৬ আসনে শিরীন শারমিন চৌধুরীকে দলীয় মনোনয়ন এবং পররাষ্ট্রমন্ত্রী করার কথা কাউকে কাউকে তিনি বলেছিলেন। এ কথা শুনে তিনি স্পিকারের বাসভবন পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তবে গতকাল থেকে আবারও তাঁকে স্পিকার করার কথা দলের উচ্চপর্যায় থেকে শোনা যাচ্ছে।
শিরীন শারমিন চৌধুরী ছাড়াও স্পিকার পদে সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর নাম রয়েছে। আর ফজলে রাব্বী ডেপুটি স্পিকার হচ্ছেন।
গতকাল সোমবার সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, ‘আমাদের দলে ৮-১০ জন আছেন, যাঁরা স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার যোগ্য। সংসদীয় দলের বৈঠকে আলোচনার সুযোগ থাকলে আমরা সবাই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা করব। আর যদি সংসদ নেতা কোনো সিদ্ধান্ত দেন, তা আমরা সর্বসম্মতভাবে মেনে নেব।’