স্পিকার যে রুলিং দেবেন তাতেই সংকটের সমাধান হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার যে রুলিং দেবেন, তাতেই সংসদ ও বিচার বিভাগের বর্তমান সংকটের সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ। গতকাল শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘শিশু আইন: শিশু বিচারপদ্ধতির সংস্কার’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন। জাতীয় মানবাধিকার কমিশন ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক অধিকার সবার আছে। যেমন দেশের গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার, সংসদ ও নির্বাহী বিভাগ। সংবিধানে এ তিন অঙ্গের এখতিয়ারের কথা বলা আছে। প্রত্যেকেরই উচিত যার যার অধিক্ষেত্র থেকে পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে নিজস্ব স্বকীয়তা বজায় রাখা।কর্মশালায় আইনমন্ত্রী জানান, শিশুকল্যাণমূলক বিচারপদ্ধতির বিধান রেখে নতুন শিশু আইন প্রণীত হচ্ছে। এ আইনের খসড়া প্রণীত হয়েছে এবং মন্ত্রিসভা তা নীতিগতভাবে অনুমোদন করেছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রমুখ।