সংবিধান অনুযায়ী যাঁদের শপথ গ্রহণের কোনো সুযোগ ছিল না, তাঁদের শপথ পড়িয়ে স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘শপথ নেওয়া সদস্যের দ্বারা নির্বাচিত সংসদ নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতির দ্বারাও সংবিধানের বিচ্যুতি ঘটবে। এর সবকিছুই ঘটেছে স্রেফ ক্ষমতার জন্য, দ্রুত ক্ষমতা সংহত করার জন্য। ক্ষমতার মোহে রাষ্ট্রীয় সংবিধানকে অবজ্ঞা করার এমন নষ্ট দৃষ্টান্ত স্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই একদিন অভিযুক্ত হতে হবে।’
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে এবং ভোটবিহীন কারচুপির মাধ্যমে যাঁরা সাংসদ হিসেবে শপথ নিয়েছেন, তাঁরা পবিত্র সংসদ ও গণতন্ত্রকেই কলঙ্কিত করছেন।
বিবৃতিতে বলা হয়, ‘তথাকথিত এই নির্বাচনী প্রহসনকে বিদেশিদের কাছে গ্রহণযোগ্য দেখানোর জন্য গায়েবি ভোটারদের একটা কাল্পনিক হিসাবও প্রকাশ করা হয়েছে, যা দেশ-বিদেশের কেউই বিশ্বাস করেনি।’
মির্জা ফখরুল বলেন, নির্বাচিত ব্যক্তি সংবিধানের বিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি, অর্থাৎ বর্তমান সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার নিতে পারেন না। অথচ আজ (গতকাল) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে তাঁরা কার্যভার গ্রহণ করেছেন। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। যাঁরা সংবিধানের এমন বিচ্যুতি ঘটালেন, তাঁদের মনে রাখা সংগত যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তাঁরাই সংবিধানের বিচ্যুতি ঘটানোর জন্য বিরাট শাস্তির বিধান করেছেন।