স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন, অভিযোগ ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান অনুযায়ী আজ যাঁদের শপথ গ্রহণের কোনো সুযোগ ছিল না, তাঁদের শপথ পড়িয়ে স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শপথ নেওয়া সদস্যের দ্বারা নির্বাচিত সাংসদ নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতির দ্বারাও সংবিধানের বিচ্যুতি ঘটবে। এর সবকিছুই ঘটেছে স্রেফ ক্ষমতার জন্য, দ্রুত ক্ষমতা সংহত করার জন্য। ক্ষমতার মোহে রাষ্ট্রীয় সংবিধানকে অবজ্ঞা করার এমন নষ্ট দৃষ্টান্ত স্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই একদিন অভিযুক্ত হতে হবে।’

আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল আলমগীর বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে এবং ভোটবিহীন কারচুপির মাধ্যমে যাঁরা সাংসদ হিসেবে শপথ নিয়েছেন, তাঁরা পবিত্র সংসদ ও গণতন্ত্রকেই কলঙ্কিত করছেন। সাংসদদের শপথ গ্রহণের এ কাজ জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা এবং সময় এলে জনগণ এই প্রহসনের জবাব দেবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তথাকথিত এই নির্বাচনী প্রহসনকে বিদেশিদের কাছে গ্রহণযোগ্য দেখানোর জন্য গায়েবী ভোটারদের একটা কাল্পনিক হিসাবও প্রকাশ করা হয়েছে, যা দেশ-বিদেশের কেউই বিশ্বাস করেনি। সরকারের পছন্দের স্থানীয় পর্যবেক্ষকরাও এই হিসাবকে অতিরঞ্জিত তথা বানোয়াট বলেছে। তিনি বলেন, এসব তো গেল ন্যায়, নীতি, সত্য, আইন-কানুন অগ্রাহ্য করার কথা। কিন্তু তার চেয়েও ভয়ংকর ঘটনা ঘটানো হলো আজ সকালে এবং তা-ও ঘটানো হলো পবিত্র জাতীয় সংসদ ভবনে। ক্ষমতাসীন সরকার বিশাল সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার হীন লক্ষ্য পূরণের জন্য যে সংবিধানকে যথেচ্ছা কাটাছেঁড়া করে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে, তা-ও আজ অমান্য ও অগ্রাহ্য করা হলো। ক্ষমতায় টিকে থাকার অদম্য লালসা কোনো ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গকে যে কতটা নিচে নামতে পারে, কতটা স্বৈরাচারী, কতটা রাজা-রানিসুলভ বানাতে পারে, তার প্রমাণ দেখে দেশের সচেতন জনগণ হতবাক হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত ব্যক্তি সংবিধানের বিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি, অর্থাৎ বর্তমান সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার নিতে পারেন না। অথচ আজ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে তাঁরা কার্যভার গ্রহণ করেছেন। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। যাঁরা আজ সংবিধানের এমন বিচ্যুতি ঘটালেন, তাঁদের মনে রাখা সংগত যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তাঁরাই সংবিধানের বিচ্যুতি ঘটানোর জন্য বিরাট শাস্তির বিধান করেছেন।