স্পিকারই জানিয়েছেন আসন শূন্য করা ইসির এখতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, স্পিকার লিখিতভাবে জানিয়েছেন জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা করার এখতিয়ার নির্বাচন কমিশনারের। গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনের সময় সিইসি এ কথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, আইনি জটিলতা না থাকলে আগামী ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক নিয়োগের কোনো বিধান নেই বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা করার এখতিয়ার প্রসঙ্গে এ টি এম শামসুল হুদা বলেন, ‘ভোলা-৩ আসন শূন্য ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন স্পিকারকে চিঠি দেয়। স্পিকার লিখিতভাবে জানান, এটি নির্বাচন কমিশনারের এখতিয়ার। নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করবে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচন সম্পন্ন করে। কারণ স্পিকারের নির্দেশই আইন।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু মহীউদ্দীন খান আলমগীরের বিষয়টি বিচারাধীন, তাই ওই বিষয়ে এ মুহূর্তে কথা বলা ঠিক হবে না। জাতীয় সংসদ সার্বভৌম। সেখানে বিচারিক কার্যক্রম নিয়ে আলোচনা করা যায়। মহীউদ্দীন খান আলমগীর তাঁর আসন শূন্য ঘোষণা বিষয়ে মৌলিক প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে কোনো আলোচনা করতে চাই না।’প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলায় সার্ভার স্টেশনের জন্য নির্ধারিত জায়গা পরির্দশন করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনউল্লাহ নূরী, জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারহাদ হোসেন প্রমুখ।