কাজী ফিরোজ রশীদকে বিরোধীদলীয় উপনেতা নির্বাচনের প্রস্তাব করে রওশন এরশাদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে যে চিঠি দিয়েছিলেন, এর বিরুদ্ধে স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল রোববার বিকেলে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দেন বলে দলের একটি সূত্র জানায়।
চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দলের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সভাপতিমণ্ডলীর এবং ৩৯ ধারা মোতাবেক চেয়ারম্যান নিতে পারেন। গঠনতন্ত্র অনুসারে জাপার সংসদীয় কমিটি দলের একটি শাখা মাত্র। এখানেও কোনো নিয়োগ কিংবা পরিবর্তনের এখতিয়ার কেবল দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত। দলের চেয়ারম্যান সংসদীয় বোর্ডেরও চেয়ারম্যান।
এরশাদ স্পিকারকে লিখেছেন, ‘আমার পার্টি থেকে কাউকে বিরোধীদলীয় উপনেতা করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে যদি আমরা সংসদীয় কমিটিতে এ বিষয়ে কোনো প্রস্তাব গ্রহণ করি, তাহলে দলের সভাপতিমণ্ডলীর সভায় অনুমোদন সাপেক্ষে আপনার বরাবরে পেশ করা হবে।’
গত ২৭ জুলাই বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদীয় দলের প্রধান রওশন এরশাদ স্পিকারকে চিঠি দিয়ে ফিরোজ রশীদকে উপনেতা করার প্রস্তাব করেন।