দরবার হলের বাইরে অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন অভিযুক্ত এক জওয়ান। আদালতের কার্যাবলি তাঁকে শোনানো হচ্ছে স্পিকারের সাহায্যে। গতকাল মঙ্গলবার পিলখানার দরবার হলে এভাবে শুরু হয় বিডিআর বিদ্রোহের বিচার। আদালত বিদ্রোহে জড়িত ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৩১০ জওয়ানের বিরুদ্ধে ৯ মে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।পিলখানা বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-৫-এ গতকাল সকাল ১০টা ৩৫ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত জানান, অভিযোগ গঠনের দিন মামলার আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।৩৬ রাইফেলস ব্যাটালিয়নের ৩০৯ জন আসামিকে গতকাল সশরীরে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে একজন জওয়ান কক্ষের বাইরে একটি অ্যাম্বুলেন্সে থেকে হাজিরা দেন। এ সময় স্পিকারের মাধ্যমে তাঁকে আদালতের কার্যাবলি শোনানো হয়।আদালত শুরুর পরপরই কৌঁসুলি ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিক ইমাম সিদ্দিকী আসামিদের অভিযোগ পড়ে শোনান। এসব অভিযোগ ১৯৭২ সালের বিডিআর আইনের ১০-এ(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।পিলখানার দরবার হলে বিশেষ আদালত-৫-এর সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম অভিযোগের কপি সব আসামির কাছে পৌঁছে থাকলে জানাতে বলেন। এরপরই আদালতের নিয়মকানুন বিষয়ে আসামিদের জানান তিনি।আদালতের সভাপতি আসামিদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই তিনটি সুবিধা পাবেন। এক. নিজের আত্মপক্ষ সমর্থন, দুই. ফ্রেন্ড অব দি একিউজড (একজন বিডিআর কর্মকর্তা) সাহায্য, তিন. নিজের খরচে আইনজীবী নিয়োগ।’ ওই দুজন আইনি পরামর্শ দিলেও তাঁরা সাক্ষীকে জেরা করতে পারবেন না। তিনি আসামিদের বলেন, প্রথমে দোষ স্বীকার করলে আদালতের কাছ থেকে যে নমনীয়তা পাবেন, পরে সেটা না-ও পেতে পারেন।বেলা প্রায় পৌনে ১২টার দিকে মহাপরিচালক ৯ মে পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। বিচারক বলেন, অভিযোগ পাওয়ার পর কমপক্ষে ২৭ দিন আসামিরা আত্মপক্ষ সমর্থন ও আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন। ৯ মে অভিযোগ গঠিত হবে।গত সোমবার ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের বিদ্রোহের বিচার শুরু হয়। প্রথম দিন মামলার বাদী নায়েক সুবেদার মো. গিয়াসউদ্দিন ৩১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।