স্পিকারের নির্বাচনী এলাকায় মাত্র সাড়ে ৬ শতাংশ মা দক্ষ প্রসবকর্মীর সহায়তা পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত স্পিকার আবদুল হামিদের নির্বাচনী (কিশোরগঞ্জ-৪) এলাকায় মাত্র ছয় দশমিক ছয় শতাংশ মা দক্ষ প্রসবকর্মীর সহায়তা পান। তাই এই এলাকায় মাতৃমৃত্যুর হার অনেক বেশি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন সম্পর্কে করা এক জরিপ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। যোগাযোগব্যবস্থা ভালো না থাকা এবং অপ্রতুল স্বাস্থ্যকেন্দ্রের কারণে এখানে মাতৃমৃত্যুর হার বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশন ২৬টি নির্বাচনী এলাকার ওপর এই জরিপ করেছে।জরিপ প্রতিবেদনে বলা হচ্ছে, রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ নির্বাচনী এলাকায় ৬৬ শতাংশ মা দক্ষ প্রসবকর্মীর সহায়তা পান। উন্নত যোগাযোগব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্র ও কর্মী থাকায় এখানে মাতৃমৃত্যুর হারও অনেক কম।গতকাল শনিবার সংসদ ভবনে এশিয়া ফাউন্ডেশনের জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়। তখন সংশ্লিষ্ট এলাকার সাংসদেরাও বক্তব্য দেন। এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হাসান মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।স্পিকার আবদুল হামিদ এ ধরনের জরিপকে উন্নয়নকাজের সহায়ক হিসেবে আখ্যায়িত করে বলেন, শহর ও গ্রামের মধ্যে এখনও বিশাল ব্যবধান রয়ে গেছে। দেশে আয় বৈষম্যও বাড়ছে। তিনি বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন করতে হলে গ্রাম ও শহরের ব্যবধান কমাতে হবে। জলবায়ুসম্পর্কিত সংসদীয় গ্রুপের চেয়ার সাবের হোসেন চৌধুরী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে সাংসদের মধ্যে সর্বদলীয় গ্রুপ করে কাজ করতে পারলে সুফল আসবে। এতে করে সংসদকে এ কাজে সম্পৃক্ত করা সম্ভব হবে।