স্পিকারের রুলিং নিয়ে করা রিট নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিচারপতির বক্তব্য নিয়ে স্পিকার আবদুল হামিদের দেওয়া রুলিংয়ের বিষয়ে করা রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণ দেওয়া সাপেক্ষে রিট আবেদনটি নিষ্পত্তি করে দেন।স্পিকারের দেওয়া রুলিং বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন এ রিট আবেদন করেন। দুই দিন এর ওপর শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আখতার ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম ও রেশাদ ইমাম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। শুনানিতে বিশ্বজিৎ রায় বলেন, রিট আবেদনকারী সংক্ষুব্ধ ব্যক্তি নন, কারণ তাঁর কোনো অধিকার খর্ব হয়নি। সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় রিট আবেদনটি চলতে পারে না। সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ অনুসারে সংসদের কার্যপ্রণালি বিধি নিয়ে মামলা করা যায় না। সংসদ ও বিচার বিভাগ সংবিধানের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রুল দেওয়া হলে রাষ্ট্রের এই দুটি অঙ্গের মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে। এ অবস্থায় পর্যবেক্ষণ সাপেক্ষে রিট নিষ্পত্তি করা যেতে পারে। রিটকারী পক্ষের আইনজীবীও বলেন, আদালত চাইলে পর্যবেক্ষণ দিয়ে আবেদন নিষ্পত্তি করতে পারেন।পরে আইনজীবী রাশনা ইমাম প্রথম আলোকে বলেন, আদালত রুল ইস্যু না করে রিট আবেদনটি নিষ্পত্তি করেছেন। তবে বলেছেন, কিছু পর্যবেক্ষণ দেবেন। আদেশের লিখিত অনুলিপি পেলে পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।রিটে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছিল। আর বিচারাধীন বিষয়ে এ ধরনের রুলিং বা আদেশ দেওয়া থেকে বিরত থাকার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়।