স্পিকারের সঙ্গে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, টেকসই উন্নয়নের লক্ষ্য, আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিন ল্যাম্বার্টের নেতৃত্বে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি দলে ছিলেন রিচার্ড হাওইট, ইভান স্টিফেন ও সাজ্জাদ করিম এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াডুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে স্পিকার বলেন, বাংলাদেশে সংবিধান ও সংসদীয় নিয়মনীতি মেনে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্রিটিশ হাউস অব কমন্সের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে প্রতি বুধবার সাংসদদের প্রশ্নের জবাব দেন।
স্পিকার আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তাঁরা সংসদীয় বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে বর্তমান সংসদ আগের তুলনায় অনেক বেশি গতিশীল ও সক্রিয়।
প্রতিনিধি দল ইইউ ও বাংলাদেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।