স্পিকারের সঙ্গে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদের সাক্ষাৎ
বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, টেকসই উন্নয়নের লক্ষ্য, আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জ্যঁ লম্বেরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন রিচার্ড হাওয়াট, ইভান স্টিফেন ও সাজ্জাদ করিম এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে স্পিকার বলেন, বাংলাদেশে সংবিধান ও সংসদীয় নিয়মনীতি মেনে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্রিটিশ হাউস অব কমন্সের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে প্রতি বুধবার সাংসদদের প্রশ্নের জবাব দেন।
স্পিকার আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তাঁরা সংসদীয় বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে বর্তমান সংসদ আগের তুলনায় অনেক বেশি গতিশীল ও সক্রিয়।
প্রতিনিধিদল ইইউ ও বাংলাদেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্ব আরোপ করে।