স্পিকারের সঙ্গে ব্রিটিশ সংসদীয় দলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সফররত তিন সদস্যের ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দল আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্যার কেয়ার স্টারমার। এই দলে আরও ছিলেন স্টিফেন টিমস ও স্টিভ রিড।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় কর্মকাণ্ড, সংসদে আইন পাশের প্রক্রিয়া, সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি, অধিবেশনে সংসদ সদস্যদের আসন বণ্টন, সংসদ সদস্যদের কাজ, শিশু সংসদ, বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, নারীদের মাতৃত্বকালীন ছুটির বিধান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধী দল থাকলেও তারা দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছে। এতে সংসদীয় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। তাঁরা যেকোনো সংসদীয় বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন।